পুবের কলম, ওয়েবডেস্ক: বিমান অবতরণের পর নির্দিষ্ট সময়ের মধ্যে বাধ্যতামূলক 'ব্রেথ অ্যানালাইজার' অ্যালকোহল পরীক্ষায় উপস্থিত না হওয়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের চারজন পাইলটসহ মোট আটজন কেবিন ক্রু সদস্যকে তিন মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। 'টাইমস নাও'-কে দেওয়া সূত্রে খবর, বেসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA) এই কর্মীদের লাইসেন্সও তিন মাসের জন্য স্থগিত করেছে।

গত ২ আগস্ট সংযুক্ত আরব আমিরাত থেকে অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক বিমান পরিচালনার দায়িত্বে ছিলেন এই কর্মীরা। উড্ডয়ন শেষে বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের এই নিয়মানুগ অ্যালকোহল পরীক্ষা দেওয়ার কথা ছিল। ঘটনাটি ঘটার পরই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে বিষয়টি স্বতঃপ্রণোদিত হয়ে ডিজিসিএ-কে জানানো হয় এবং সংস্থাটি নিজেই ওই কর্মীদের তিন মাসের জন্য সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।

ডিজিসিএ-এর নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শেষ করার পর দুই ঘণ্টার মধ্যে ক্রু সদস্যদের পোস্ট-ফ্লাইট ব্রেথ অ্যানালাইজার পরীক্ষার জন্য উপস্থিত হওয়া বাধ্যতামূলক। সংশ্লিষ্ট বিমানকর্মীরা এই নির্ধারিত সময়সীমা পালনে ব্যর্থ হন। পরীক্ষায় উপস্থিত হতে ইচ্ছা করে দেরি করা হয়েছিল কি না বা কোনো অনিয়ম লুকানোর চেষ্টা ছিল কি না, তা নিশ্চিত করতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ কর্মীদের রক্ত ও প্রস্রাব পরীক্ষা করায়। তবে আটজন কর্মীর টেস্ট রিপোর্টই নেগেটিভ এসেছে। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলেও বিমান চলাচলের নিরাপত্তা ও কঠোর প্রটোকল বজায় রাখার স্বার্থেই ডিজিসিএ ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই শাস্তিমূলক ব্যবস্থা বজায় রেখেছে।