পুবের কলম ওয়েবডেস্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ওষুধ আবিষ্কারের উচ্চাভিলাষী পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ায় গোপনে একটি বাস্তব গবেষণাগার তৈরি করেছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। ১৯ সেপ্টেম্বর প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানের জীবনবিজ্ঞান বিভাগের প্রধান এরিক কাউডেরার-আব্রামস মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন।

‘ওয়েট ল্যাব’ নামের এই গবেষণাগারে জীববিজ্ঞান নিয়ে সরাসরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের লক্ষ্য বিরল ও যেসব রোগের চিকিৎসা অত্যন্ত কঠিন, সেগুলোর নতুন চিকিৎসাপদ্ধতি খুঁজে বের করা।

আগে এ ধরনের গবেষণা মূলত কম্পিউটারে সীমাবদ্ধ থাকলেও এখন বাস্তব পরীক্ষার পর্যায়েও কাজ করছে তারা। তবে কোন কোন রোগ নিয়ে গবেষণা চলছে বা কত দূর অগ্রগতি হয়েছে, তা জানানো হয়নি।

অ্যানথ্রপিকের দাবি, এআই ব্যবহার করে একাধিক লক্ষ্যবস্তুতে কাজ করতে সক্ষম জটিল ‘বাইস্পেসিফিক’ ও ‘ট্রাইস্পেসিফিক’ অ্যান্টিবডি দ্রুত শনাক্ত করা সম্ভব। তবে কার্যকর অণু পাওয়া গেলেও মানবদেহে পরীক্ষা ও ওষুধ বাজারে আনতে বহু বছর লাগে।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ডারিও আমোডেইয়ের বাবার মৃত্যুর পর সংশ্লিষ্ট রোগের চিকিৎসা আবিষ্কারের ঘটনাও তাঁকে এই উদ্যোগে অনুপ্রাণিত করেছে। গত আগস্টে অ্যানথ্রপিক গবেষণাগারের যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার জন্য নতুন প্রযুক্তি মানও চালু করেছে।