২০২৮ সালের তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হতে পারে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের। তাঁর প্রধান উপদেষ্টা মেহমেত উচুম জানিয়েছেন, সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়া গেলে নির্ধারিত সময়ের আগে নির্বাচন আয়োজন করা সম্ভব। সেই ক্ষেত্রে সাংবিধানিক ব্যবস্থার আওতায় এরদোগানের ফের প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হবে।

তুরস্কের নিয়ম অনুযায়ী, পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৮ সালের ৭ মে হওয়ার কথা। তবে তুরস্কের সংবিধান অনুযায়ী, সংসদের অন্তত ৩৬০ সদস্য নির্বাচনের মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন আয়োজনের পক্ষে ভোট দিলে নির্বাচন এগিয়ে আনা যেতে পারে।

মেহমেত উচুম সম্ভাব্য নির্বাচনের তারিখ হিসেবে ২০২৮ সালের ১৬ এপ্রিলের কথা উল্লেখ করেছেন। তবে এটি তাঁর প্রস্তাবিত একটি তারিখ; চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুরস্কের পার্লামেন্টের।

বর্তমানে এরদোগানের একে পার্টি ও জোটসঙ্গী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি বা এমএইচপির মিলিত আসনসংখ্যা ৩২৬। ফলে আগাম নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ৩৬০ ভোট পেতে আরও ৩৪ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন হবে।

উচুমের বক্তব্য অনুযায়ী, সংসদ ২০২৭ সালের শেষ দিকে অথবা ২০২৮ সালের শুরুতে নির্বাচন এগিয়ে আনার সিদ্ধান্ত নিলে এরদোগান সংবিধানের বিশেষ বিধানের আওতায় শেষবারের মতো প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন। তবে নির্বাচন এগিয়ে আনার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।