পুবের কলম ওয়েব ডেস্ক: জুম্মার নমাজের সময় পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশে ঘটে গেল ভয়াবহ আত্মঘাতী হামলা। শুক্রবার দুপুরে কোহাটের ‘ওল্ড পুলিশ লাইনস’ সংলগ্ন মসজিদের কাছে এই বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রার্থনার সময়েই একটি বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে এসে হামলাকারী ওল্ড পুলিশ লাইনসের গেটে সজোরে ধাক্কা মারে।
ঘটনার পরেই দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। আহতদের মধ্যে অন্তত ২৫ জনকে কোহাটের জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যাঁদের মধ্যে একাধিক পুলিশকর্মীও রয়েছেন। হাসপাতালে ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গোটা চত্বর ঘিরে ফেলে যান চলাচল বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। অতিরিক্ত বাহিনী মোতায়েন করে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। এই নাশকতার পেছনে কাদের হাত রয়েছে, তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু করেছে পাক প্রশাসন।