পুবের কলম, ওয়েবডেস্ক: কারাবন্দী সমাজকর্মী উমর খালিদের ওপর তৈরি একটি প্রামাণ্যচিত্রের প্রস্তাবিত প্রদর্শনী নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। হায়দরাবাদের ট্রিপল আইটিতে 'প্রিজনার নম্বর ৬২৬৭১০ ইজ প্রেজেন্ট' বিজ্ঞাপিত প্রদর্শনীর বিষয়ে বৃহস্পতিবার সতর্কবার্তা পাঠায় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ছাড়পত্র না থাকা কোনো ছবির প্রকাশ্য প্রদর্শনী 'সিনেম্যাটোগ্রাফ আইন'-এর স্পষ্ট লঙ্ঘন। এই বার্তার পরই প্রামাণ্যচিত্রটির প্রদর্শনী বাতিল করেন আয়োজক ছাত্ররা।

ললিত বাছানি পরিচালিত এই প্রামাণ্যচিত্রটি শুক্রবার রাত ৮টায় আইআইআইটি-হায়দরাবাদের কেআরবি অডিটোরিয়ামে প্রদর্শনের পরিকল্পনা করেছিলেন কয়েকজন শিক্ষার্থী। 'রাজনৈতিক বন্দি দিবস' এবং ১৯২৯ সালে লাহোর জেলে দীর্ঘ অনশনের পর বিপ্লবী যতীন্দ্রনাথ দাসের প্রয়াণ দিবসের কথা উল্লেখ করে এই প্রদর্শনীর আমন্ত্রণ জানানো হয়েছিল।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সিবিএফসি সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে জানায়, কোনো বিশেষ ছাড় না থাকলে প্রমানপত্রহীন চলচ্চিত্রের জনসমক্ষে প্রদর্শন আইনি অপরাধ। তারা আইআইআইটি-হায়দরাবাদ কর্তৃপক্ষকে বিষয়টি চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

হায়দরাবাদের ঘটনার মাত্র কয়েকদিন আগেই বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি -তেও এই একই প্রামাণ্যচিত্রের প্রদর্শনী স্থগিত করা হয়েছিল। সেখানে ১৪ সেপ্টেম্বর উমর খালিদের কারাবাসের চার বছর পূর্ণ হওয়া এবং 'রাজনৈতিক বন্দি দিবস' উপলক্ষে 'ল অ্যান্ড সোসাইটি কমিটি' স্ক্রিনিংয়ের আয়োজন করেছিল। তবে আরএসএস সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি-র বিরোধিতার মুখে নিরাপত্তাজনিত ও লজিস্টিক কারণ দেখিয়ে প্রদর্শনী স্থগিত করা হয়।

উল্লেখ্য, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (JNU) প্রাক্তন গবেষক উমর খালিদ ২০২০ সালের সেপ্টেম্বর থেকে কারাবন্দী। ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার পেছনে ষড়যন্ত্রের অভিযোগে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।