পুবের কলম ওয়েব ডেস্ক: দুর্গাপুজোর মাসখানেক আগে সপ্তাহান্তে উৎসবের কেনাকাটায় বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর গরমের হাত থেকেও এখনই রেহাই মিলছে না। শনিবার থেকে পশ্চিম রাজস্থান দিয়ে বর্ষার বিদায় পর্ব শুরু হলেও, থাইল্যান্ডের ঘূর্ণাবর্তটি উত্তর আন্দামান সাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মৌসম ভবন সূত্রে খবর, এই নিম্নচাপটির অভিমুখ মূলত অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম ‘অর্ণব’, যা বাংলাদেশের দেওয়া।
দক্ষিণবঙ্গে শনিবার কয়েকটি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃ

ষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার বৃষ্টি কিছুটা কমলেও, বুধবার থেকে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস রয়েছে।

বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট বাড়তে পারে। শনিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৭ থেকে ৯৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করায় ভ্যাপসা গরম বজায় থাকবে। অন্য দিকে, উত্তরবঙ্গেও বুধবার পর্যন্ত বড়সড় দুর্যোগের সম্ভাবনা নেই, তবে বৃহস্পতিবার থেকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।