রাশিয়া থেকে পণ্য আমদানি করা দেশগুলির উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পথ খুলে গেল আমেরিকায়। ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান বিল’-এ শুক্রবার সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে বিলটি এবার আইনে পরিণত হল।

রুশ তেলের ক্রেতা দেশগুলির উপর চাপ বাড়াতেই এই বিল আনা হয়েছিল।

বিল অনুযায়ী, রাশিয়া থেকে তেল বা অন্য কোনও জ্বালানি কেনা দেশগুলির পণ্যের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে আমেরিকা।

দীর্ঘদিন ধরেই রুশ তেল কিনছে ভারত। মার্কিন চাপ সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। এর আগে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন।

এবার নতুন আইনের ফলে ভারতের উপর আরও শুল্ক চাপানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। রাশিয়ার উপর আর্থিক চাপ বাড়িয়ে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করাই এই আইনের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে।

ভারতের পাশাপাশি রাশিয়া থেকে পণ্য বা জ্বালানি কেনা চিন, জাপান, আজারবাইজান, স্লোভাকিয়া ও হাঙ্গেরির মতো দেশগুলিও এই আইনের আওতায় আসতে পারে। তবে কোন দেশের উপর কতটা শুল্ক আরোপ করা হবে, তা এখনই স্পষ্ট নয়।