পুবের কলম ওয়েব ডেস্ক: ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের ওপর আমেরিকা পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করেছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, আমেরিকা, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে কোনও রকম অর্থ ব্যয় ছাড়াই গ্রিনল্যান্ডের নিরাপত্তা এবং অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় বিষয়ের ওপর আমেরিকার স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে তাঁর দাবি।


ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, এখন থেকে ওয়াশিংটনের সুস্পষ্ট লিখিত অনুমতি ছাড়া আমেরিকার কোনও প্রতিপক্ষ গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন, সামরিক ঘাঁটি স্থাপন কিংবা কোনও সংবেদনশীল ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবে না। জাতীয় নিরাপত্তার স্বার্থে দীর্ঘদিন ধরেই বিশ্বের বৃহত্তম এই দ্বীপটির ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে আগ্রহী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইতিপূর্বে গ্রিনল্যান্ডে ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছিল প্রতিবেশী কানাডা। সেই বিরোধিতার আবহ পেরিয়ে এ বার স্বয়ং মার্কিন প্রেসিডেন্টই দাবি করলেন যে, নতুন চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের সামগ্রিক নিয়ন্ত্রণ এখন আমেরিকার হাতে।