পুবের কলম ওয়েবডেস্ক, সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির কিছুক্ষণ পরই পরপর দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ১৯ সেপ্টেম্বর প্রকাশিত এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হামলার আশঙ্কায় রাত তিনটার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের মুঠোফোনে সতর্কবার্তা পাঠিয়ে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয় সৌদি কর্তৃপক্ষ।

এর কিছুক্ষণ পর এএফপির সাংবাদিকেরা বিস্ফোরণের শব্দ শোনেন। প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতির ঝুঁকি কমে গেলে সতর্কতা প্রত্যাহার করা হয়।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবে নিয়মিত হামলা চালাচ্ছে। তবে গত জুলাইয়ে ইয়েমেনের সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম রিয়াদ সরাসরি হামলার লক্ষ্যবস্তু হলো।

এদিকে চলতি মাসে লোহিত সাগরের ইয়েমেন উপকূল দখলে অভিযান জোরদার করেছে হুতিরা। এতে কৌশলগত বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ কার্যত তাদের হাতে গেছে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরব তেল রপ্তানিতে এই পথ ব্যবহার করছিল। কিন্তু হুতিদের নৌ অবরোধে তা বাধাগ্রস্ত হচ্ছে। কেপলারের হিসাবে, জুলাই থেকে এ পথে সৌদির তেল রপ্তানি ব্যাপক কমেছে।

জাতিসংঘ জানিয়েছে, নতুন সংঘাতে ইয়েমেনে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় তিন হাজার মানুষ জিবুতিতে আশ্রয় নিয়েছেন।