পুবের কলম ওয়েবডেস্ক, জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে তৃতীয় দফার অনানুষ্ঠানিক ভোটেও স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নিরাপত্তা পরিষদ। ১৯ সেপ্টেম্বর প্রকাশিত এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার নিউইয়র্কে এক ঘণ্টার বেশি সময় ধরে গোপন ভোট হয়। তবে কোনো প্রার্থীই উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে যেতে পারেননি। আনুষ্ঠানিক ফলও প্রকাশ করা হয়নি।

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে।

তাঁর উত্তরসূরি হতে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় দফায় সামান্য এগিয়ে ছিলেন গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রদ্রিগেজ-বার্কেট। এরপর ছিলেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সেনেগালের ম্যাকি স্যাল, ইকুয়েডরের ইভন এ-বাকি ও মারিয়া ফার্নান্দা এস্পিনোসা, চিলির মিশেল ব্যাসেলেট এবং উগান্ডার ওলারা ওতুন্নু।

মহাসচিব নির্বাচনে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে অন্তত নয়টি ভোট প্রয়োজন।

পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়ার কোনো একটি দেশ ভেটো দিতে পারবে না। কয়েকটি দেশ এবার নারী মহাসচিব চায়।

কয়েক দফা ভোটের পর স্থায়ী পাঁচ সদস্যকে আলাদা রঙের ব্যালট দেওয়া হবে। এতে ভেটোর উপস্থিতি বোঝা গেলেও কোন দেশ ভেটো দিয়েছে, তা প্রকাশ পাবে না। নির্বাচিত প্রার্থীর নাম পরে সাধারণ পরিষদে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে।