পুবের কলম ওয়েব ডেস্ক: ঘাসফুল প্রতীক অবলুপ্ত হওয়ার পর এবার রাজ্যের আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক পরিবর্তন করল নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার ঠিক আগেই শনিবার বড়সড় ধাক্কা খেল নওশাদ সিদ্দিকির আইএসএফ এবং হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টি। নওশাদদের হাতছাড়া হয়েছে ‘খাম’ এবং হুমায়ুনের দল হারিয়েছে ‘বাঁশি’ প্রতীক।
কমিশনের নতুন সিদ্ধান্তের ফলে হুমায়ুনের দলকে ‘টেবিল’ প্রতীক দেওয়া হয়েছে এবং তাঁদের পুরোনো প্রতীক ‘বাঁশি’ বরাদ্দ করা হয়েছে তামিলনাড়ুর শাসকদল থলপতি বিজয়ের টিভিকে-কে।

অন্যদিকে, চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে নথিভুক্ত করানো ‘খাম’ প্রতীকটি নওশাদের আইএসএফের থেকে কেড়ে নিয়ে তাঁদের দেওয়া হয়েছে ‘আলমারি’। এর ফলে ‘খাম’ প্রতীকটির ওপর একক অধিকার প্রতিষ্ঠিত হল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের।
উল্লেখ্য, এর আগে তৃণমূল ভেঙে তৈরি হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেয়েছিল ‘ফুটবলার’ এবং ঋতব্রতর দল পেয়েছিল ‘খাম’ প্রতীক। আইএসএফ নিজেদের নথিপত্র পেশ করে এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও শেষপর্যন্ত তাদের প্রতীক বদলে দিল কমিশন। উপনির্বাচনের মুখে হাতে অত্যন্ত কম সময় থাকায়, এই স্বল্প সময়ের মধ্যে নতুন প্রতীক নিয়ে ভোটারদের কাছে পৌঁছে প্রচার চালানো দুই দলের কাছেই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল।