পুবের কলম, ওয়েবডেস্ক: অহংকার ও অহংবোধ মানুষকে বাস্তবচ্যুত করে তরুণ প্রজন্মকে ধর্মের প্রকৃত অর্থ উপলব্ধি করার আহ্বান জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) মোহন ভাগবত। শুক্রবার মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে আয়োজিত 'যুব ধর্ম সংসদ'-এ বক্তব্য রাখার সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিজের উপাসনা পদ্ধতিতে স্থির থেকে অন্যের উপাসনাকে সমান সম্মান জানানোই ভারতীয় ধর্মের আসল শিক্ষা, কিন্তু তাতে ধর্মান্তরকরণের কোনো স্থান নেই।

জেন-জি তরুণদের ধর্ম ও কর্তব্য নিয়ে আলোচনা করতে দেখে সন্তোষ প্রকাশ করেন আরএসএস প্রধান। ভাগবত বলেন, "অহংকার দ্বারা চালিত ব্যক্তি মনে করেন সর্বত্র কেবল তাঁরই কর্তৃত্ব চলবে এবং তাঁর ইচ্ছা অনুসারেই সবকিছু ঘটবে।

কিন্তু বাস্তব সম্পূর্ণ আলাদা। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই এক নির্দিষ্ট নিয়মে চলে—সূর্য ওঠা এবং অস্ত যাওয়ার মতো নিশ্চিত বিষয়গুলো কেউ বিশ্বাস করুক বা না করুক, নিজের নিয়মেই ঘটে।"

গীতা বা রামায়ণ কেবল অবসরের পর পড়ার বিষয়—এই ধারণাকে ভুল আখ্যা দিয়ে তিনি বলেন, "ধর্ম শুধু বক্তৃতায় বা বইয়ে সীমাবদ্ধ নয়, তা ফুটে ওঠে আমাদের আচরণ ও কর্তব্যে। পুত্রধর্ম, রাজধর্ম ও মানবধর্ম—প্রকৃতি অনুসারে প্রতিটি সত্তার দায়িত্ব নির্ধারণ করাই হলো ধর্ম।" ধর্মের কাজ সবাইকে একত্রিত রাখা, সবার উন্নয়ন সাধন করা এবং বিভক্ত হতে না দেওয়া উল্লেখ করে ভাগবত জানান, আধ্যাত্মিক ও জাগতিক উভয় উন্নতির জন্যই জীবনযাপনে ধর্মকে ধারণ করা প্রয়োজন।