পুবের কলম ওয়েব ডেস্ক: কৃত্রিম মেধা বা এআই-এর একটি মারাত্মক ভুলের কারণে সম্প্রতি অল্পের জন্য বড়সড় সামরিক সংঘাত থেকে রক্ষা পেল আমেরিকা ও চিন। মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে চলাচলকারী একটি চিনা পণ্যবাহী জাহাজ সম্পর্কে তথ্য বিশ্লেষণ করতে গিয়ে পেন্টাগনের এক অ্যানালিস্ট এআই চ্যাটবটের সাহায্য নেন। ওই চ্যাটবটটি সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে দাবি করে, চিনা জাহাজটিতে পরমাণু কর্মসূচির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ রয়েছে।

এই ভুল রিপোর্টের ভিত্তিতে তড়িঘড়ি ওই জাহাজটিতে হামলা চালিয়ে সেটি আটক করার প্রস্তুতি শুরু করে মার্কিন সেনা।

এমনকী, আমেরিকার দু’টি যুদ্ধবিমান আকাশেও উড়েছিল বলে সূত্রের খবর। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সত্য সামনে আসায় ওয়াশিংটন অভিযান বাতিল করে। পরে জানা যায়, ওই চিনা জাহাজটিতে আসলে লিপস্টিক তৈরির সরঞ্জাম মজুত ছিল। লিপস্টিকের সরঞ্জামকেই পরমাণু অস্ত্র তৈরির যন্ত্রাংশ বলে ভুল করেছিল এআই।

সামরিক ক্ষেত্রে কৃত্রিম মেধার এই ধরনের অনিয়ন্ত্রিত ব্যবহার যে মানবজাতির জন্য কতটা বিপজ্জনক হতে পারে, এই ঘটনা তারই জ্বলজ্যান্ত উদাহরণ। আগামী ২৪ সেপ্টেম্বর চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়াশিংটন সফরের কথা রয়েছে। তার আগেই এই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এল। জানা গিয়েছে, এই সফরে দুই রাষ্ট্রনেতার মধ্যে এআই-এর ক্রমবর্ধমান ব্যবহার এবং তার ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।