পুবের কলম ওয়েব ডেস্ক: দিল্লির তিন বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের ভোটার তালিকায় নাম থাকা নিয়ে বড়সড় সংশয় দেখা দিয়েছে। সম্প্রতি কেজরিওয়াল এবং তাঁর গোটা পরিবারকে 'এসআইআর' নোটিস পাঠানো হয়েছে। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের বাসিন্দা কেজরিওয়ালের পাশাপাশি তাঁর স্ত্রী সুনীতা, পঁচিশ বছরের ছেলে পুলকিত, বাবা গোবিন্দ রাম এবং মা গীতা দেবীও এই নোটিস পেয়েছেন। শুধু তাঁরাই নন, তাঁদের বুথের আরও মোট ১১০ জনকে এই নোটিস দেওয়া হয়েছে।


জানা গিয়েছে, 'আনম্যাপড' ক্যাটেগরিতে তাঁদের এই নোটিস পাঠানো হয়েছে। এর অর্থ হলো, আগের এসআইআর প্রক্রিয়ার সঙ্গে এঁদের তথ্যের কোনও যোগসূত্র পাওয়া যায়নি। ফলে এখন কেজরিওয়ালের গোটা পরিবারকে কমিশনের আধিকারিকদের সামনে সশরীরে হাজিরা দিয়ে প্রমাণ করতে হবে যে, তাঁরা ভারতেরই বাসিন্দা।
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
আম আদমি পার্টির (আপ) দাবি, কেজরিওয়ালকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করতেই এই নোটিস পাঠানো হয়েছে। এর আগে পাঞ্জাবেও রাঘব চাড্ডা-সহ আপের শীর্ষ নেতারা এই ধরনের নোটিস পেয়েছিলেন। এসআইআর প্রক্রিয়া নিয়ে এর আগে কেজরিওয়াল নিজেও সরব হয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, বিজেপি চক্রান্ত করে বিরোধী দলের ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে এবং দেশের ১৪০ কোটি জনসংখ্যাকে কমিয়ে ৫০ কোটি দেখাতে চাইছে। উল্লেখ্য, দিল্লিতে এসআইআর প্রক্রিয়ার পর খসড়া ভোটার তালিকা থেকে প্রচুর সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে।