পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির নামজাদা লেডি শ্রী রাম (LSR) কলেজের কাছে ১৭ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। নিরাপত্তা নিশ্চিত করার বদলে তড়িঘড়ি পঠনপাঠন বাতিল করে অনলাইনে ক্লাস স্থানান্তরের প্রশাসনিক সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়েছে এলএসআর কলেজ স্টুডেন্টস ইউনিয়ন। তাদের স্পষ্ট বক্তব্য, "নারীর নিরাপত্তার দায়ভার কেবল নারীদের ওপর চাপিয়ে দেওয়া বন্ধ হোক।"
প্রতিষ্ঠানটির কাছে কালকাজি মন্দির নিকটস্থ 'আস্থা কুঞ্জ পার্ক'-এ সোমবার সন্ধ্যায় এই ভয়াবহ অপরাধটি ঘটে। নিরাপত্তার দোহাই দিয়ে মঙ্গলবার দুপুর থেকে ক্লাস স্থগিত করে বুধবার অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ।
অনুষা বলেন, "নারীর নিরাপত্তা কেবল সাবধান হওয়ার 'অ্যাডভাইজরি' বা পরামর্শ জারি করে সমাধান করা যায় না। এর জন্য চাই নিরাপদ পাবলিক স্পেস, গণপরিবহন, পর্যাপ্ত আলো, দৃশ্যমান পুলিশি টহল এবং অপরাধীদের দ্রুত শাস্তি। মেয়েরা প্রতিটি পদক্ষেপে নিরাপত্তার হিসাব কষে চলে, কিন্তু আসল দায়িত্ব হলো চারপাশের পরিবেশকে নিরাপদ করে তোলা।" আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, ক্যাম্পাসের বাইরে বাস স্টপে দাঁড়াতেও ভয় লাগে। কলেজের পাশের 'পিঙ্ক বুথ' নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে এবং বারবার পুলিশকে বলা সত্ত্বেও কার্যকর টহলদারি শুরু হয়নি।
ঘটনার তদন্তে নেমে অমর কলোনির ডিএম অফিস সংলগ্ন এলাকায় এক অভিযুক্তকে চিহ্নিত করে দিল্লি পুলিশ। এলাকাটি এলএসআর কলেজের ব্যাক গেট থেকে মাত্র ৫০ মিটার দূরে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে 'পোাকসো' আইনসহ একাধিক কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে, ক্যাম্পাসের বাইরে ক্রমাগত অসুরক্ষিত পরিবেশের প্রতিবাদে এবং সঠিক সুরক্ষার দাবিতে বুধবার বিকেল ৪টায় এলএসআর কলেজের শিক্ষার্থীরা ব্যাক গেটের সামনে এক বৃহৎ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।