পুবের কলম ওয়েব ডেস্ক: দিল্লিতে ফের প্রকাশ্যে এল নাবালিকাকে নারকীয় যৌন নির্যাতনের ঘটনা। এবার ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে এক ১৭ বছর বয়সি নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। সপ্তাহখানেক আগেই দিল্লিতে এক নাবালিকাকে গণধর্ষণ ও নৃশংস খুনের রেশ কাটতে না কাটতেই এই নতুন ঘটনায় রাজধানীর নারী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় কালকাজির ইসকন মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে সংলগ্ন পার্কে এক বন্ধুর সঙ্গে বসেছিল ওই নাবালিকা।

সাড়ে সাতটা নাগাদ সেখানে পুলিশের পরিচয় দিয়ে তিন ব্যক্তি হাজির হয় এবং তাদের নানা ভাবে ভয় দেখাতে শুরু করে। এরপর নাবালিকার বন্ধুকে আটকে রেখে ঘণ্টাখানেক ধরে তার ওপর পাশবিক অত্যাচার চালায় অভিযুক্তরা। রাতেই নির্যাতিতা পুলিশে খবর দিলে ডাক্তারি পরীক্ষার পর পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়।

এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মঙ্গলবার সকালে এক অভিযুক্তকে চিহ্নিত করে পাকড়াও করতে যায় পুলিশ।

সেই সময় অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলির লড়াই শুরু হয়। কিছুক্ষণের সংঘাতের পর অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশবাহিনী। ধৃত-সহ বাকি অভিযুক্তদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।