চেন্নাই, ২১ সেপ্টেম্বর: চেন্নাই সুপার কিংসের নতুন কোচ হলেন ভারতের প্রাক্তন তারকা পেসার জাহির খান। সোমবার ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে এই খবর জানানো হয়েছে। স্টিফেন ফ্লেমিং ইস্তফা দেওয়ার পরে সিএসকের কোচের পদ খালি ছিল। সেই জায়গায় আনা হল জাহিরকে।
প্রসঙ্গত, ফ্লেমিং ২০০৯ সাল থেকে ২০২৬ পর্যন্ত সিএসকের কোচ ছিলেন।নতুন দায়িত্ব পাওয়ার পরে জাহির বলেন, ‘আইপিএলে সবচেয়ে সফল দলের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। ক্রিকেটার হিসেবে মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলেছি। মাঠের লড়াই উপভোগ করেছি। চেন্নাইয়ের সমর্থকেরা চিপকে যে পরিবেশ তৈরি করে সেটা দুর্দান্ত। ইতিহাস সমৃদ্ধ আইপিএল ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছি।’
সিএসকের তরফে রুপা গুরুনাথ বলেন, ‘জাহির খান দলের প্রধান কোচ হওয়ায় আমরা অত্যন্ত খুশি। জাহিরের সফল কেরিয়ার এবং তরুণ প্রতিভা বিকাশে তাঁর প্রমাণিত দক্ষতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আশা করি, জাহিরের অর্ন্তভুক্তি আমাদের দলকে আরও শক্তিশালী করে তুলবে।’