পুবের কলম ওয়েব ডেস্ক: ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার জেরে ইউরোপের একাধিক দেশে রাশিয়ার হামলার আশঙ্কা ক্রমশ তীব্র হচ্ছে। টানা সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধের আবহে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলির সহায়তায় ইউক্রেন লড়াই চালিয়ে গেলেও, এবার ইউক্রেনপন্থী ‘ন্যাটো’ভুক্ত দেশগুলিতে মস্কো ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা বড়সড় সাইবার আক্রমণ চালাতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের প্রতি আগ্রাসনের বিষয়টি অস্বীকার করেছেন, তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার সতর্ক করে জানান যে ইউরোপ ও ফ্রান্সের ওপর রাশিয়ার ‘হাইব্রিড হুমকি’ আগের চেয়ে অনেক বেড়েছে।


২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের সঙ্

গে বৈঠকের পর ফ্রান্সের গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং প্রতিরক্ষা ক্ষেত্রগুলির সুরক্ষায় বিশেষ পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন ম্যাক্রোঁ। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ফ্রান্সের ওপর রাশিয়ার কোনও ধরনের আগ্রাসন বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। এর ঠিক আগেই পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সে দেশের পার্লামেন্টে দাবি করেন, ন্যাটোর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার দৃঢ়তা যাচাই করতে ইউক্রেন-সমর্থক দেশগুলিতে রাশিয়া ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে ‘দুর্ঘটনা’ হিসেবে তুলে ধরার কৌশল নিতে পারে। ইউরোপ জুড়ে এই সামরিক উত্তেজনার আবহে ন্যাটো জোট কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।