পুবের কলম, ওয়েবডেস্ক: বর্তমান শাসনব্যবস্থা বা 'সিস্টেম' শিক্ষার্থীদের ভয় পায়, কারণ তারা প্রশ্ন তুলতে শেখে—শনিবার ইন্দোরে কংগ্রেস আয়োজিত ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে যোগ দিয়ে এই মন্তব্য করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, বর্তমান ব্যবস্থা প্রশ্নকারী শিক্ষার্থী নয়, বরং অন্ধ অনুগামী বা ‘অন্ধভক্ত’ তৈরি করতে চায়।
আরও পড়ুন:
মধ্যপ্রদেশের ইন্দোরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে রাহুল গান্ধী জানান, জাতীয় প্রতিষ্ঠানের ভূমিকা থেকে শুরু করে অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীভবন নিয়ে তরুণ সমাজ প্রশ্ন তুলছে বলেই তাদের ওপর আঘাত নেমে আসছে। রাহুল গান্ধী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোকে রক্ষা করার দায়িত্ব যে ব্যবস্থার, সেই শাসনব্যবস্থাই আজ উল্টে শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালাচ্ছে।
আরও পড়ুন:
তিনি উল্লেখ করেন, ছাত্রসমাজ আজ জানতে চাইছে কীভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হন, কীভাবে ভারতের ব্যবসার এক বিরাট অংশ মাত্র দুজন ব্যক্তির হাতে চলে গেল, কিংবা বিচারবিভাগ ও নির্বাচন কমিশনের মতো স্বশাসিত সংস্থাগুলো কেন নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না।
শিক্ষার্থীদের সঙ্গে 'অন্ধভক্তদের' পার্থক্য ব্যাখ্যা করতে গিয়ে কংগ্রেস নেতা বলেন, একজন প্রকৃত ছাত্র অনুসন্ধিৎসু, প্রশ্নমুখী ও ভীতিহীন হয়। অন্যদিকে, একজন ‘অন্ধভক্ত’ কাল্পনিক বা ভ্রান্ত জগতে বাস করে এবং কা পুরুষতার পরিচয় দেয়। বর্তমান সিস্টেম এমন মানসিকতার মানুষই চাইছে।আরও পড়ুন:
অনুষ্ঠানে উপস্থিত এক শিক্ষার্থী রাহুল গান্ধীর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। রাহুল গান্ধী আশ্বস্ত করেন, তরুণ সমাজ ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং শিক্ষাঙ্গনে স্বচ্ছতা ফিরিয়ে আনতে কংগ্রেস তাঁদের এই লড়াইয়ে পাশে থাকবে।