পুবের কলম ওয়েব ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল খাস ক্যামাক স্ট্রিট থেকে। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করেছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, দলে এবং সরকারে নিজের নিরঙ্কুশ কর্তৃত্ব কায়েম করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ১৪ জন প্রার্থীকে হারানোর ছক কষেছিলেন, যার মধ্যে প্রথমেই ছিল মমতার নাম।
বিধানসভা ভোটের আগে থেকেই তৃণমূলের অন্দরে নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব চলছিল। ঋতব্রতর দাবি, সেই রেষারেষির সূত্র ধরেই এই পরিকল্পনা করা হয়েছিল।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে নিজের খাসতালুক ভবানীপুর কেন্দ্রে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় দলের এজেন্টদের বুথে ঢুকতে না দেওয়ার মতো বেনিয়মের অভিযোগ তুলেছিলেন তিনি। বিরোধী দলনেতার এই সাম্প্রতিক দাবির সঙ্গে সেই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।