পুবের কলম ওয়েবডেস্ক, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ জোর প্রদেশের একটি সামরিক অবস্থানে বিস্ফোরণে ১১ সেনাসদস্য নিহত হয়েছেন। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং পরদিন শনিবার নিহত সেনাদের মরদেহ নিয়ে দেইর আজ জোর শহরে শোকযাত্রা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
সরকারি সংবাদ সংস্থা সানা জানায়, প্রদেশের পশ্চিমাঞ্চলীয় আইয়াশ শহরে সিরিয়ান আরব আর্মির একটি অবস্থানের ভেতরে অস্ত্রের গুদামে বিস্ফোরণটি ঘটে। এতে আরও ৯ সেনা আহত হয়েছেন।
কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত চলছে। তবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল ইখবারিয়া জানিয়েছে, ভারী গোলাবারুদ সরানোর সময় বিস্ফোরণ ঘটে।দুই সপ্তাহেরও কম সময়ে সিরিয়ার সামরিক স্থাপনায় এটি দ্বিতীয় বড় বিস্ফোরণ।
এর আগে ৯ সেপ্টেম্বর ইদলিবের সারমাদায় অস্থায়ী অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশের গুদামে বিস্ফোরণে ১৪ সেনা নিহত এবং ১০ জনের বেশি আহত হন। ১ সেপ্টেম্বর একই প্রদেশের বিনিশে গোলাবারুদবাহী একটি গাড়িতে বিস্ফোরণে পাঁচজন নিহত হন।এক দশকের বেশি সময়ের গৃহযুদ্ধে সিরিয়ায় ছড়িয়ে থাকা বিপুল অস্ত্র ও গোলাবারুদ সরানোর কাজ চলছে। সেই প্রক্রিয়ার মধ্যেই বারবার বিস্ফোরণের ঘটনা ঘটছে।