পুবের কলম ওয়েব ডেস্ক: অনলাইনে সিসিটিএনএস ব্যবস্থার মাধ্যমে এফআইআর ও চার্জশিটের যাবতীয় তথ্য আপলোড করার ক্ষেত্রে কড়া নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। শনিবার লালবাজারে শহরের সমস্ত থানার ওসি এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকদের নিয়ে আয়োজিত অপরাধদমন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশ দেন তিনি। কমিশনার জানান, অনলাইনে তথ্যের পরিধি আরও বৃদ্ধি করতে হবে এবং যতটা সম্ভব পুরনো চার্জশিটও সিসিটিএনএসে আপলোড করা আবশ্যক। বিশেষ করে পূর্ব কলকাতা বা ইস্টার্ন সাবার্বান ডিভিশনের কয়েকটি থানায় চার্জশিট আপলোডের অনীহা নিয়ে সংশ্লিষ্ট কর্তাদের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে। এই কাজে কারও গাফিলতি ধরা পড়লে কঠোর বিভাগীয় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে লালবাজার।
বৈঠকে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের বিষয়েও বিশেষ জোর দেওয়া হয়েছে। কমিশনার নির্দেশ দিয়েছেন, নিখোঁজ হওয়া নাবালক-নাবালিকাদের ক্ষেত্রে দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চালাতে হবে, যাতে তাদের উপর কোনও রকম যৌন হেনস্তা বা বেআইনি বাল্যবিবাহের মতো ঘটনা রোখা সম্ভব হয়। নিখোঁজ ব্যক্তি উদ্ধার হলে বিভ্রান্তি এড়াতে দ্রুত নিখোঁজ পোর্টালে সেই তথ্য নথিভুক্ত করার কথাও বলা হয়েছে।
এর পাশাপাশি শহরের প্রতিটি ডিভিশনে সাইবার থানা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পকসো মামলার বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে গোয়েন্দা বিভাগের ট্রায়াল মনিটরিং সেকশনকে নজরদারি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে শহরের বাড়ি ও মোটরবাইক চুরির মতো অপরাধের মোকাবিলায় থানা এবং গোয়েন্দা বিভাগকে সতর্ক থাকার কড়া বার্তা দিয়েছে লালবাজার।