পুবের কলম ওয়েব ডেস্ক: সমস্ত জল্পনা ও দোলাচল কাটিয়ে রেজিনগর উপনির্বাচনে জোরকদমে প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী। আগামী ৬ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে রবিবার বেলডাঙার দলীয় কার্যালয়ে কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ এবং জলঙ্গির বিধায়ক বাবর আলিকে সঙ্গে নিয়ে প্রচারের রণকৌশল স্থির করতে বৈঠক করেন তিনি। সেখানেই দলের নতুন ‘ফুটবলার’ প্রতীকের প্রচারে রবিউলের হাতে একটি ফুটবল তুলে দেন নেতৃত্ব।
আরও পড়ুন:
শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রথমে ভোটে লড়বেন না বলে জানালেও, মাত্র ঘণ্টা দুয়েকের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিদ্ধান্ত বদল করে ময়দানে নামেন রবিউল।
তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, রেজিনগরে পঞ্চায়েত ধরে ধরে প্রচারের রূপরেখা তৈরি হচ্ছে। বিজেপিকে ধারেভারে এগিয়ে রাখলেও জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী মমতা শিবির। অন্যদিকে, রবিবার বিক্ষুব্ধ তৃণমূল শিবিরের হয়ে এলাকায় প্রচার ও দেওয়াল লিখনের তদারকি করতে দেখা যায় মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানের ভাগ্নে সফিউজ্জামান হাবিবকে।আরও পড়ুন:
রবিউলের এই আকস্মিক সিদ্ধান্ত বদলকে কটাক্ষ করেছে বিরোধী শিবির।
বিজেপি প্রার্থী শাখারভ সরকার তাঁকে 'পাল্টিবাজ' আখ্যা দিয়ে রেজিনগরে শিল্পের দাবিতে সরব হয়েছেন। পিছিয়ে নেই বামেরাও। ২০১১ সালে রেজিনগর বিধানসভা কেন্দ্র তৈরির পর এই প্রথম সেখানে প্রার্থী দিয়েছে সিপিএম। তাদের প্রার্থী পেশায় আইনজীবী সইদ আসাদ আলির দলবদলের ইতিহাস তুলে ধরে কটাক্ষ করেছে পদ্মশিবির। পাশাপাশি এই কেন্দ্রে নিজেদের আলাদা প্রার্থী দিয়েছে বামফ্রন্টের শরিক আরএসপি-ও।