পুবের কলম ওয়েব ডেস্ক: দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে সিপিএম নেতা-কর্মীদের বেধড়ক মারধর এবং পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট এলাকায়। ভাঙচুর করা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-সহ অন্যান্য মনীষীদের ছবি এবং কার্যালয়ের সামনের শহিদবেদি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে।
জানা গিয়েছে, আসন্ন সিআইটিইউ সম্মেলন উপলক্ষে গোঘাট বকুলতলা থেকে রেজিস্ট্রি অফিস পর্যন্ত দলীয় পতাকা লাগাচ্ছিলেন সিপিএম কর্মীরা।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে গণতন্ত্রের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম। তাদের দাবি, সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিজেপি এই হামলা চালিয়েছে। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন গোঘাটের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার। তাঁর দাবি, এটি সম্পূর্ণ সিপিএমের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল, এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। ইতিমধ্যে গোটা ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।