পুবের কলম ওয়েব ডেস্ক: দিল্লির প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর পর এ বার নির্বাচন কমিশনের ‘এসআইআর’ নোটিস পেলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী এবং বিদেশমন্ত্রী এস জয়শংকর। সূত্রের খবর, এই নোটিস প্রাপকদের তালিকায় নির্বাচন কমিশনার এস. এস. সান্ধু, প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বল ও অভিষেক মনু সিঙ্ঘভি এবং বিদেশ সচিব বিক্রম মিসরির মতো হেভিওয়েট ব্যক্তিত্বদের নামও রয়েছে। মূলত নির্বাচনী নথিতে নামের বানানে গরমিল, পূর্ববর্তী এসআইআর নথির সঙ্গে নাম ম্যাপ না থাকা কিংবা ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র কারণেই এই নোটিসগুলি পাঠানো হয়েছে। জানা গিয়েছে, নথিতে বানানের গরমিলের কারণে এস. এস. সান্ধু এবং পূর্ববর্তী তথ্যের সঙ্গে 

নাম ম্যাপ না থাকায় কপিল সিব্বল ও বিক্রম মিসরিকে এই নোটিস দিয়েছে কমিশন।


এর আগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও তাঁর স্ত্রী, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে একই কারণে নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন। খোদ দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীকে নোটিস পাঠানো নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হলে কমিশন স্পষ্ট করে যে, তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। প্রাথমিক ভাবে তথ্যের গরমিলের কারণে নোটিস পাঠানো হলেও পরে বিএলও বাড়ি গিয়ে তা যাচাই করেছেন। অন্যদিকে, আগের এসআইআর-এর সঙ্গে পরিবারের কারও নাম ম্যাপ না করার কারণেই কেজরিওয়ালের নাম বাদ পড়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।