পুবের কলম ওয়েব ডেস্ক: রেল অবরোধকে কেন্দ্র করে আদিবাসী কুড়মি সমাজের নেতা-কর্মী-সমর্থকদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকলতোড় গ্রাম পঞ্চায়েতের করম পর্বতিয়া মহাজড়ুয়াহীর মঞ্চ থেকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, এর আগে দুর্গাপুরে পশ্চিমাঞ্চলের জেলাগুলির প্রশাসনিক বৈঠকেই তিনি পুলিশ ও আধিকারিকদের এই মামলাগুলি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

আদিবাসী তালিকাভুক্তির দাবিতে ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর কুড়মি সমাজের ডাকা রেল রোকো কর্মসূচিকে কলকাতা হাই কোর্ট অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করেছিল।

তার পরেও অবরোধের চেষ্টা হলে পুলিশ পদক্ষেপ করে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওই ঘটনায় পুরুলিয়া জেলা পুলিশ ২৯ জনকে এবং আরপিএফ ২২ জনকে গ্রেফতার করে। দুই সংস্থা মিলিয়ে মোট ৫১ জনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছিল। বিগত সরকারের আমলে এই ঘটনার প্রেক্ষিতে পুলিশের অত্যাচারের অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আদিবাসী কুড়মি সমাজ।
পরবর্তীতে কোটশিলার সভা থেকে তৃণমূলকে ‘একটিও ভোট না দেওয়ার’ ডাক দিয়েছিলেন সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো। মুখ্যমন্ত্রীর রবিবারের ঘোষণার পর স্বস্তি প্রকাশ করে অজিত মাহাতো জানান, এই পদক্ষেপ প্রমাণ করল তাঁদের আন্দোলন যথার্থ ছিল।

এ দিনের সভা থেকে কুড়মিদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার রক্ষার বিষয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে যে ইউসিসি কমিটি গঠিত হয়েছে, সেখানে কুড়মি সমাজকে এর আওতার বাইরে রাখা হয়েছে। কুড়মি সমাজ সবসময় তাঁর হৃদয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের ন্যায্য অধিকার আদায়ে বর্তমান সরকার পাশে থাকবে।