পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৮৩ দিনের মাথায় চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল শুক্রবার প্রকাশ করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এই সময় উপস্থিত ছিলেন বোর্ডের সম্পাদক মুখলেসুর রহমান।
দেখা যাচ্ছে, পাশের হারে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রীদের পাশের হার ৫৮.৩৪ শতাংশ, যেখানে ছাত্রদের পাশের হার ৪১.৬৬ শতাংশ।
হাই মাদ্রাসা পরীক্ষায় অংশ নেয় ৪২ হাজার ৭৪৪ জন পরীক্ষার্থী।
হাই মাদ্রাসায় যুগ্ম প্রথম দুই ছাত্র
হাই মাদ্রাসার মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছে দু’জন। মুর্শিদাবাদের ভবতা আজিজিয়া হাই মাদ্রাসার মহম্মদ মুস্তাক নাজিম এবং মালদহের এনএমএস হাই মাদ্রাসার শাহান আখতার— দু’জনেই পেয়েছে ৭৮১ নম্বর।
দ্বিতীয় স্থানে রয়েছে মালদহের ফতেখানি বিএমএস হাই মাদ্রাসার মহম্মদ শাকিল হোসেন। তাঁর প্রাপ্ত নম্বর ৭৮০। তৃতীয় হয়েছে কোচবিহারের মুন্সিরহাট সাহেকিয়া হাই মাদ্রাসার মিরাজ রহেমান। সে পেয়েছে ৭৭৮ নম্বর।
আরও পড়ুন:
এদিকে আলিম পরীক্ষায় প্রথম হয়েছে উত্তর ২৪ পরগনার নুর-উন-নবি সিনিয়র মাদ্রাসার ছাত্রী মির সাদিয়া জাহিন। তার প্রাপ্ত নম্বর ৮৬২। দ্বিতীয় স্থানে রয়েছে হুগলির ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসার হাসিব হাসান। সে পেয়েছে ৮৩৫ নম্বর। তৃতীয় হয়েছে উত্তর ২৪ পরগনার রাজাপুর দারউশ সালাম সিনিয়র মাদ্রাসার তমান্না খাতুন।
তার প্রাপ্ত নম্বর ৮২৬।আরও পড়ুন:
অন্যদিকে ফাজিলের প্রথম হয়েছে উত্তর ২৪ পরগনার নুরউন নবি সিনিয়র মাদ্রাসার ছাত্র ইরফান হোসেন। সে পেয়েছে ৫৭৮ নম্বর।
দ্বিতীয় হয়েছে খার্কি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মেহেদি হাসান মোল্লা। তাঁর প্রাপ্ত নম্বর ৫৬৪। যৌথভাবে তৃতীয় হয়েছে হুগলির পিরনগর নববিয়া সিনিয়র মাদ্রাসার মির্জা মহম্মদ আলাউদ্দিন এবং ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসার শেখ সহিম আলি। দু’জনেই পেয়েছে ৫৬৩ নম্বর।