পুবের কলম ওয়েব ডেস্ক: বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের জেরে চরম উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি। রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন এলাকায় পরপর নাশকতার ঘটনার পর কড়া পদক্ষেপ করেছে পুলিশ প্রশাসন। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে অভিযান চালিয়ে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মোট ৪৭টি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, গত শুক্রবার ঢাকার গুলশান, মালিবাগ, মহাখালী ও কাফরুল-সহ একাধিক এলাকায় বাসে আগুন লাগানোর পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ীতে বিস্ফোরণের জেরে এক ব্যক্তি আহত হয়েছেন।
অন্যদিকে, মিরপুরে ককটেল ছোড়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।এই অশান্ত পরিস্থিতির জেরে রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে অন্তত ২০০টি চেকপোস্ট বসিয়ে কড়া তল্লাশি চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে ফার্মগেটের তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠক ও জঙ্গি কার্যকলাপের অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের ইতিমধ্যেই তিন দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।