পুবের কলম, ওয়েবডেস্ক: ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস যাতে শুধুমাত্র প্রকৃত ও যোগ্য পরিবারগুলোর কাছেই পৌঁছায়, তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। শনিবার সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে সরকারের নির্ধারিত মূল্যে ভর্তুকিসহ এলপিজি সিলিন্ডার বুক করতে হলে গ্রাহকদের বায়োমেট্রিক আধার যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে।

তবে যেসব গ্রাহক ইতিমধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তাঁদের নতুন করে আর কিছুই করতে হবে না।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৮৯.৯ শতাংশ অর্থাৎ প্রায় ২৭.৪৩ কোটি সক্রিয় এলপিজি গ্রাহক তাঁদের বায়োমেট্রিক বায়োমেট্রিক বায়োমেট্রিক আধার যাচাই সম্পন্ন করে ফেলেছেন।

যাঁরা এখনও এই প্রক্রিয়া সম্পন্ন করেননি, বায়োমেট্রিক যাচাই শেষ হলেই তাঁরা পুনরায় ভর্তুকিযুক্ত সিলিন্ডার বুক করতে পারবেন। গ্রাহকরা ৩টি সহজ উপায়ে এটি সম্পন্ন করতে পারেন- বাড়িতে সিলিন্ডার ডেলিভারি দিতে আসা কর্মীর মাধ্যমে, নিকটস্থ গ্যাস এজেন্সির শোরুমে সরাসরি গিয়ে, তিনটি রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থার নিজস্ব অ্যাপ—ইন্ডেনের জন্য IndianOil ONE, ভারতগ্যাসের জন্য HelloBPCL এবং এইচপি গ্যাসের জন্য HP PAY ব্যবহার করে।

কেন্দ্র জানিয়েছে, বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে ভর্তুকির সিলিন্ডারের অবৈধ ব্যবহার রোখা এবং ভুয়ো কানেকশন দূর করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।