পুবের কলম ওয়েব ডেস্ক: ভরা মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর প্রয়াত মাকে নিয়ে কটাক্ষ ও মশকরার অভিযোগে বিজেপি নেতৃত্বের তীব্র সমালোচনার মুখে পড়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তবে এই পরিস্থিতিতে রাহুলের পাশেই দাঁড়াল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনায় কাউকে অপমান করা হয়নি এবং রাজনীতিতে সুস্থ হাস্যরসের স্থান থাকা প্রয়োজন।

গত শনিবার ইন্দোরে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন রাহুল গান্ধী। সেই সময় মঞ্চে উপস্থিত এক কৌতুকাভিনেতা প্রধানমন্ত্রীর কথা বলার ধরন, হাসি এবং বিভিন্ন জনসভায় করা নানা মন্তব্য অনুকরণ করে ব্যঙ্গ করেন, যেখানে রাহুল নিজেও সক্রিয় ছিলেন বলে অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে রাহুল এবং কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও কংগ্রেস কিংবা রাহুল গান্ধী এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি।

রাহুলের সমর্থনে মমতা তৃণমূলের সাংসদ সৌগত রায় জানান, প্রধানমন্ত্রী সাধারণত যা বলেন, সেগুলিরই পুনরাবৃত্তি করা হয়েছে মাত্র, তাই এটিকে অপমান বলা চলে না। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের প্রস্তাব দেওয়া এবং পরবর্তীতে নন্দীগ্রামের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানানোর মতো পদক্ষেপ করেছে মমতা শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় কংগ্রেসের সঙ্গে নৈকট্য বাড়ানোর লক্ষ্যেই বিজেপি বিরোধী এই ইস্যুতে রাহুলের পাশে দাঁড়িয়েছে মমতার দল।