পুবের কলম, ওয়েবডেস্ক: গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পাটনায় আয়োজিত এক অনুষ্ঠানে সর্ষের তেলের প্রদীপ জ্বালানোর দৃশ্য ভিডিও করায় ১২ বছরের এক বালককে বিজেপির সমর্থকরা মারধর করেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার এই ঘটনার শিকার ওই বালকের সঙ্গে দেখা করেন বিহারের বিরোধী দলনেতা তথা আরজেডি প্রধান তেজস্বী প্রসাদ যাদব।

তেজস্বী যাদব অভিযোগ করেছেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কেবল বালকটিকে প্রহারই করেনি, বরং পুলিশ প্রশাসনও ওই শিশুর ওপর চাপ সৃষ্টি করে তার জবানবন্দি পরিবর্তনের চেষ্টা করেছে। অন্যদিকে, বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ ভুয়ো ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে।

তেজস্বী যাদব প্রকাশিত একটি ভিডিওতে পঞ্চম শ্রেণীর ওই ছাত্র জানায়, ১৭ সেপ্টেম্বর মেরিন ড্রাইভ এলাকায় প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে যেভাবে প্রচুর পরিমাণে সর্ষের তেল জ্বালিয়ে প্রদীপ জ্বালানো হচ্ছিল, সেটিকে তেলের অপচয় বলে মনে করে সে একটি ভিডিও তৈরি করেছিল।

বালকের বক্তব্য, "যে পরিমাণ তেল প্রদীপ জ্বালাতে ব্যবহার করা হচ্ছিল, তা দিয়ে আমাদের পুরো গ্রামের জন্য লুচি (পুরি) তৈরি করা যেত। আমি শুধু একটি ভিডিও তৈরি করেছিলাম, আর অমনি বিজেপির লোকেরা আমাকে মারধর করে এবং রেলিং থেকে টেনে সরিয়ে দেয়।"

তেজস্বী যাদব অভিযোগ করেন, পুলিশ বালকটিকে ভয় দেখিয়ে থানায় আটকে রাখার হুমকি দেয়। তাকে জোর করে বলতে বলা হয় যে, যারা মারধর করেছে তারা তার বন্ধু এবং সবাই একসঙ্গে বিজেপির কাজ করে। তেজস্বী যাদব ওই বালককে আশ্বাস দিয়েছেন, এই ঘটনায় জড়িত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তাদের শাস্তি নিশ্চিত করতে আরজেডি সব ধরনের আইনি ও রাজনৈতিক পদক্ষেপ নেবে।

বিজেপির রাজ্য মুখপাত্র প্রেম রঞ্জন প্যাটেল সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, এই ভিডিওটি সম্পূর্ণ বানানো ও বিজেপিকে বদনাম করার জন্য তৈরি করা হয়েছে।