ভারতে অত্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও ফৌজদারি মামলা দায়েরের প্রবণতা বাড়ছে। এর ফলে উদারমনস্ক ও গণতান্ত্রিক বিশ্বের সামনে ভারতের বিচারব্যবস্থা উপহাসের পাত্র হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুয়ান।

দিল্লিতে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি ভুয়ান বলেন, কবিতা পড়া, বই লেখা, সিনেমা তৈরি, এমনকি খাবার খাওয়ার মতো বিষয় নিয়েও ফৌজদারি মামলা দায়ের হচ্ছে। স্লোগান দেওয়া, বিক্ষোভ, সোশ্যাল মিডিয়ায় মন্তব্য এবং স্ট্যান্ড-আপ কমেডিও এর বাইরে নয়।

তাঁর মতে, এই ধরনের অভিযোগ অনেক ক্ষেত্রেই অত্যন্ত হাস্যকর এবং অভিযোগকারীর বুদ্ধিমত্তা নিয়েই প্রশ্ন তোলে।

তা সত্ত্বেও এসব ঘটনায় মামলা দায়ের হচ্ছে, এমনকি কিছু ক্ষেত্রে চার্জশিটও জমা পড়ছে। ফলে বিচারপ্রক্রিয়া শুরু করতে হচ্ছে এবং আদালতের উপর অতিরিক্ত মামলার বোঝা চাপছে।

বিচারপতি ভুয়ান বলেন, নিম্ন আদালতগুলির উচিত বিশেষ উদ্যোগ নিয়ে এই ধরনের মামলাগুলি চিহ্নিত করে প্রাথমিক পর্যায়েই বাদ দেওয়া।

গত বৃহস্পতিবার দিল্লিতে ‘এথিকস ইন ক্রিমিনাল লিটিগেশন অ্যান্ড দ্য ডিউটিজ অব দ্য ডিফেন্স অ্যান্ড দ্য প্রসিকিউশন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডের তথ্য উল্লেখ করে বিচারপতি জানান, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ফৌজদারি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

এর মধ্যে ৪ কোটি ৭ লক্ষেরও বেশি, অর্থাৎ ৯৫ শতাংশের বেশি মামলা নিম্ন আদালতে ঝুলে রয়েছে। হাইকোর্টগুলিতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ১৯ লক্ষ ৮৪ হাজার মামলা এবং সুপ্রিম কোর্টে ২২ হাজার ১৪৩টি।

বিচারপতি ভুয়ানের বক্তব্য, আদালতগুলিতে এমনিতেই মামলার পাহাড় জমে রয়েছে। সেই পরিস্থিতিতে ভিত্তিহীন ও তুচ্ছ অভিযোগের মামলা নিম্ন আদালতের উপর আরও চাপ তৈরি করছে। এর ফলে বিচারব্যবস্থার কার্যক্ষমতা ব্যাহত হচ্ছে এবং আন্তর্জাতিক পরিসরে ভারতের বিচারব্যবস্থার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।