কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ ও তদারকিতে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি শিগগিরই একজন ‘এআই জার’ নিয়োগের কথাও জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন।

ট্রাম্প জানিয়েছেন, তাঁর প্রথম মেয়াদে গঠিত ‘স্পেস ফোর্স’-এর আদলে নতুন এই ‘এআই ফোর্স’ গঠন করা হবে। তবে বাহিনীটির কাঠামো, দায়িত্ব, বাজেট বা কবে থেকে এটি কার্যকর হবে—এসব বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এদিকে দ্রুতগতিতে এআইয়ের বিকাশ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। প্রযুক্তি খাতের একাধিক শীর্ষ ব্যক্তি সাম্প্রতিক সময়ে এআই উন্নয়নের গতি কমিয়ে নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে মত দিয়েছেন। তবে ট্রাম্প এআইয়ের বিকাশে কোনো ধরনের বাধা বা অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপের পক্ষে নন। তাঁর মতে, এই প্রযুক্তির বিকাশ যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতার জন্য গুরুত্বপূর্ণ।

এআই নিয়ে সম্ভাব্য ঝুঁকি এবং মানুষের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তাকেও ট্রাম্প ‘ধাপ্পাবাজি’ হিসেবে উল্লেখ করেছেন।

তাঁর দাবি, এআই শিল্পের বিকাশ থামিয়ে দেওয়া হবে না। তবে প্রযুক্তিটির অপব্যবহার হলে বিদ্যমান দেওয়ানি ও ফৌজদারি আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্পের এই ঘোষণার সময়েই এআইয়ের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। প্রযুক্তি খাতের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিও দ্রুত উন্নয়নের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এআইকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রযুক্তিগত প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দেখছে।