দলের নাম ও প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্যেই তহবিল সংক্রান্ত মামলায় স্বস্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির। কলকাতা হাই কোর্টের নির্দেশ, নির্বাচন কমিশন দলের নাম ও প্রতীক নিয়ে অন্তর্বর্তী সিদ্ধান্ত নিলেও, তার প্রভাব আগের আদালতের নির্দেশে থাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে পড়ছে না। ফলে নির্দিষ্ট শর্ত মেনে অ্যাকাউন্টগুলি ব্যবহার করতে পারবে মমতা শিবির।
আরও পড়ুন:
সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে মামলাটির শুনানি হয়। আদালত জানায়, নির্বাচন কমিশনের নির্দেশটি আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে দেওয়া অন্তর্বর্তী সিদ্ধান্ত।
কমিশন এখনও দলের নাম ও প্রতীক নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি। তাই এই মুহূর্তে আগের আদালতের নির্দেশ বদলানোর প্রয়োজন নেই।আরও পড়ুন:
আদালতের নির্দেশ অনুযায়ী, মমতা শিবিরের অনুমোদিত ব্যক্তিদের মধ্যে যে কোনও দু’জন তিনটি অ্যাকাউন্টের চেকে সই করতে পারবেন। এরপর আদালত-নিযুক্ত বিশেষ আধিকারিকও সেই চেকে সই করবেন। তার পরেই ব্যাঙ্ক থেকে টাকা তোলার সুযোগ মিলবে।
অর্থাৎ অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি থাকলেও তা আদালত নির্ধারিত পদ্ধতি মেনেই করতে হবে।এই ব্যবস্থা আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। এর আগে অবৈধ লেনদেনের অভিযোগের ভিত্তিতে তৃণমূলের কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। পরে আদালত শর্তসাপেক্ষে অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দিয়ে বিশেষ আধিকারিক নিয়োগ করেছিল। সোমবার সেই পুরনো নির্দেশই বহাল রাখল হাই কোর্ট।