পুবের কলম, ওয়েবডেস্ক: নির্জন এলাকায় বাসের মধ্যে বা রাস্তার ওপর সাধারণ মানুষকে হেনস্থা করার ঘটনা নতুন নয়, তবে বিহারের জামুই জেলায় ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ঘটনা নতুন করে আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিল। একটি পুরুষ ও নারীকে ঘিরে ধরে একদল যুবকের চরম হেনস্থা করার একটি ভিডিও সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওটি নজর কাড়তেই কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নেটিজেনদের একাংশ দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে 'বিহার পুলিশ'-কে ট্যাগ করতে শুরু করেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে স্থানীয় পুলিশ প্রশাসন।

ভাইরাল হওয়া ওই ফুটেজে দেখা যায়, পার্ক করে রাখা দু চাকার গাড়ির কাছে এক দম্পতিকে ঘিরে ধরেছে একদল লোক। এক ব্যক্তি আক্রান্ত তরুণের জামার কলার ধরে তাকে তরুণীর কাছ থেকে জোড়পূর্বক দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তরুণীটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, এক মাস্ক পরা যুবক তার পিছু নেয় এবং তাকে টেনে-হেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

তরুণীটি আত্মরক্ষার্থে অনবরত আর্তচিৎকার করতে থাকেন। তরুণীর সঙ্গীটি কোনোক্রমে নিজেকে ছাড়িয়ে তাকে সাহায্য করতে ছুটে যান। তাঁরা কাছেই রাখা তাঁদের দু চাকার গাড়ি চেপে এলাকা ছাড়ার চেষ্টা করেন। বাইকে ওঠার পরও হামলাকারীরা তরুণীর হাত ধরে টানাটানি করে এবং আকুতি জানানোর দৃশ্যেই ভিডিওটি শেষ হয়।

ঘটনাস্থলে আরও অনেক গাড়ি পার্ক করা অবস্থায় দেখা গেলেও ঠিক কী কারণে এই বচসা ও আক্রমণ, তা এখনও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর জামুইয়ের পুলিশ সুপার বিশ্বজিৎ দয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যেই ওই নির্যাতিতা তরুণীর সঙ্গে যোগাযোগ করেছে।