পুবের কলম, মুম্বাই: আসন্ন নবরাত্রি উৎসবে মুম্বাইয়ের বোরিভ্যালি এলাকার সবচেয়ে বড় গারবা ও ডান্ডিয়া অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বোরিভ্যালির বিজেপি বিধায়ক সঞ্জয় উপাধ্যায় বিতর্ক উস্কে জানিয়েছেন, এই বছরের গারবা অনুষ্ঠানে মুসলিমদের অংশ নিতে দেওয়া হবে না। অন্যদিকে, বিজেপির প্রাক্তন সংসদ সদস্য গোপাল শেট্টি বলেছেন, যারা এই অনুষ্ঠানে যোগ দিতে চান, তাদের অবশ্যই কপালে 'তিলক' পরতে হবে এবং সনাতন রীতি মেনে চলতে হবে। বোরিভ্যালির ডান্ডিয়া ও গারবা অনুষ্ঠানের ভূমিপূজন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এই বিতর্কিত মন্তব্য করেন।
আরও পড়ুন:
বিজেপি বিধায়ক সঞ্জয় উপাধ্যায় বলেন, এই অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। যদি কেউ আসতে চান, তবে তাঁকে নিজের স্ত্রী, বোন বা কন্যাকে সাথে নিয়ে আসতে হবে, কপালে তিলক পরতে হবে এবং দেবীর পূজা করতে হবে। তিনি আরও যোগ করেন, "সনাতন ধর্মে বিশ্বাস রাখুন, তারপর আসুন। এটি 'লাভ জিহাদ'-এর জায়গা নয়।"
প্রাক্তন বিজেপি সাংসদ গোপাল শেট্টির কথায়, কিছুটা ভিন্ন সুরে শেট্টি বলেন, মুসলিমরা যদি কপালে তিলক পরেন, তবে তাঁদের প্রবেশ করতে দেওয়া যেতে পারে। তিনি যুক্তি দেন, হিন্দুরা যখন কোনো মুসলিম ধর্মীয় অনুষ্ঠানে যান, তখন মাথায় টুপি পরেন। তাই হিন্দু উৎসবে আসার সময় মুসলিমদের তিলক পরতে আপত্তি থাকা উচিত নয়। এদিকে অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সন্তোষ সিং জানান, সার্বিক নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রবেশের আগে প্রতিজন দর্শনার্থীর আধার কার্ড যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে।