পুবের কলম, রিয়াদ: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। ইয়েমেনের হুথি বাহিনীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সউদি আরবের রাজধানী রিয়াদের দিকে এগিয়ে আসার আগেই প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সউদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি রিয়াদে পৌঁছনোর আগেই সউদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে ধ্বংস করে। এই ঘটনার সময় রিয়াদে বিস্ফোরণের শধ শোনা যায়। রাজধানীর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে কালো ধোঁয়ার স্তম্ভও দেখা যায় বলে স্থানীয় বাসিন্দারা জানান।

তবে সউদি কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সউদি নেতৃত্বাধীন জোটের দাবি, শুধু রিয়াদ নয়, একই সময়ে বায়িশ, তাইফ, ফারাসান ও ইয়ানবু-সহ আরও কয়েকটি এলাকাকে লক্ষ্য করে হুথি বাহিনী হামলার চেষ্টা চালায়। সউদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলিও প্রতিহত করেছে বলে জোটের বক্তব্য।
অন্যদিকে, হুথি বাহিনী রিয়াদের পাশাপাশি ইয়ানবুর একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। তবে তাদের দাবির সবকটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রিয়াদকে লক্ষ্য করে এই হামলা বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, সাম্প্রতিক সংঘাত তীব্র হওয়ার পর এটি সউদি রাজধানীর দিকে হুথিদের প্রথম বড় ক্ষেপণাস্ত্র হামলা বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি জানিয়েছে। ফলে ইয়েমেনের সংঘাত নতুন করে সউদি ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ তেল ও পরিবহণ পরিকাঠামোর দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বেড়েছে। রাষ্ট্রসংঘ ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) বেসামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে হামলার নিন্দা করেছে। একইসঙ্গে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে।