পুবের কলম ওয়েবডেস্ক, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের আরও দুই বোনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন নোরিন নিয়াজি ও উজমা খান। এর আগে রোববার তাঁদের বোন আলিমা খানকে গ্রেপ্তার করা হয়েছিল।
পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা দুই বোনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গণশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের ৩ ধারায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পিটিআইয়ের মুখপাত্র জুলফি বুখারি জানান, পাঞ্জাব পুলিশ আলিমা খানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর দুই বোন, ভাগনে-ভাগনিসহ কয়েকজনকে হেফাজতে নেয়। পরে শিশুদের ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন:
পিটিআইয়ের তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম জানান, ইমরানের তিন বোনকেই লাহোরের কোট লাখপত কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের পরামর্শে ৩-এমপিও ধারায় লাহোরের ডেপুটি কমিশনার তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেন। নোরিন ও উজমাকে ৩০ দিনের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:
ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে পিটিআইয়ের লংমার্চসহ দেশব্যাপী কর্মসূচির আগে এই গ্রেপ্তার হলো। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন।