নিউইয়র্ক ও ঢাকা: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার সকালে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সরকারি প্রতিনিধিদলের সদস্যরা রয়েছেন। নিউ ইয়র্কে পৌঁছে আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। 

রাষ্ট্রসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন, জবাবদিহি, বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, দীর্ঘস্থায়ী  উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা-সহ একাধিক বিষয় তুলে ধরার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি যুব ও নারী ক্ষমতায়ণ, শিক্ষা ও স্বাস্থ্য, আধুনিক প্রযুক্তির ন্যায্য ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারও আলোচনায় গুরুত্ব পেতে পারে।

 

রোহিঙ্গা সংকটও সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের পার্শ্ববৈঠকে তারেক রহমান অংশ নেবেন। সেখানে মায়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি তুলে ধরার কথা রয়েছে। রাষ্ট্রসংঘের অধিবেশনের ফাঁকে একাধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচিও রয়েছে তাঁর। কুয়েত, ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির শীর্ষনেতৃত্বের সঙ্গে বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য-বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাঙ্ক ও ইউরোপীয় কাউন্সিলের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।