পুবের কলম প্রতিবেদক: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হল। এই পরীক্ষায় মোট  পরীক্ষার্থী ৭ লক্ষ ১৮ হাজার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সংসদ সভাপতি বলেন, কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া গেলে তার পরীক্ষা এবং এনরোলমেন্ট বাতিল করা হবে।

পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মূল গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের গেট এবং ভেন্যু সুপারভাইজারদের ঘরে সিসিটিভি নজরদারি রাখা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় কারচুপি রুখতে এবার বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে।

প্রতিটি প্রশ্নপত্রে আলাদা সিরিয়াল নম্বর রাখা হয়েছে। পরীক্ষার্থীদের সামনেই সিল করা প্রশ্নপত্রের প্যাকেট খোলা হচ্ছে। পরীক্ষা চলাকালীন গুজব বা ভুয়ো তথ্যের দিকে পড়ুয়াদের কান না দেওয়ার আবেদন জানিয়েছেন সংসদ সভাপতি। পরীক্ষা সংক্রান্ত কোনও তথ্য জানার ক্ষেত্রে সরকারি নির্দেশিকা ও সংসদের ঘোষণাকেই অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।