পুবের কলম ওয়েবডেস্ক, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়াচ্ছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার রাত অথবা বৃহস্পতিবার ভোরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার মাঝামাঝি উপকূলে এর স্থলভাগে ঢোকার সম্ভাবনা রয়েছে। বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে সেটি স্থলভাগে প্রবেশ করতে পারে।

সরাসরি বাংলায় আঘাত না হানলেও এই আবহাওয়া ব্যবস্থার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে।

মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবারও এসব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়াতেও বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও আবহাওয়ার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিকিমেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল হওয়ায় শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।