পুবের কলম ওয়েবডেস্ক, মঙ্গলবার বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে উত্তরবঙ্গে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিণী চা-বাগানের মাঠে বন দপ্তরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা। একই অনুষ্ঠানে জলদাপাড়ার পিলখানায় থাকা দুই হস্তী শাবকের নামকরণ করবেন তিনি।

সোমবার প্রশাসনের কর্তারা অনুষ্ঠানস্থলের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন।

উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক ময়ূরী ভাসু, জেলা পুলিশ সুপার অমিতকুমার সাউ, জেলা বিজেপির সভাপতি মিঠু দাস, সাংসদ মনোজ টিগ্গা-সহ কয়েকজন মন্ত্রী। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এর আগে ওই মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হয়েছিল। তাই মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের আগে গঙ্গাজল ছিটিয়ে মাঠটি শোধন করা হয়েছে।

অনুষ্ঠানে বন দপ্তরের প্রদর্শনী ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি দপ্তরে জমা থাকা মৃত বন্যপ্রাণীর দেহাংশ পুড়িয়ে নষ্ট করার কর্মসূচিতেও থাকার কথা তাঁর। এরপর জলপাইগুড়ির নাগরাকাটায় মূর্তি নদীর উপর নতুন সেতুর উদ্বোধন করবেন তিনি।

বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ জানিয়েছেন, ১১ দিনের ব্যবধানে মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার জেলায় আসছেন। আগামী ২ অক্টোবর বক্সায় বাঘ ছাড়ার অনুষ্ঠানেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। মঙ্গলবার কর্মসূচি শেষে হাসিমারা সেনা ছাউনি থেকে আকাশপথে কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।