পুবের কলম ওয়েব ডেস্ক: আগামী ডিসেম্বরের মধ্যেই নিজের মাতৃভূমিতে ফেরার বিষয়ে দৃঢ় অঙ্গীকার প্রকাশ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মানুষের কল্যাণের স্বার্থেই তাঁর দেশে ফেরা প্রয়োজন। হাসিনা স্পষ্ট বার্তা দেন, দেশে ফেরার সম্পূর্ণ অধিকার তাঁর রয়েছে এবং কোনো আইনই তাঁকে আটকাতে পারে না। তাঁর কথায়, প্রশ্ন তিনি ফিরবেন কি না তা নিয়ে নয়, বরং দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে কীভাবে ফেরা সম্ভব, সেটাই এখন বিবেচ্য। হাসিনার এই ঘোষণার পর থেকেই পদ্মাপাড়ের রাজনীতি নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে এবং ঢাকা-সহ বিভিন্ন জায়গায় প্রকাশ্য
আরও পড়ুন:
মিছিলে নেমেছেন আওয়ামি লিগের কর্মী-সমর্থকেরা।
২০২৫ সালে তাঁর অনুপস্থিতিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় প্রসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী জানান, তিনি এই বিচারপ্রক্রিয়াকে মানেন না। তাঁর অভিযোগ, তাঁর অনুপস্থিতিতে গঠিত অসাংবিধানিক ও প্রতিহিংসাপরায়ণ সরকারের অধীনে হওয়া ওই বিচার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রহসনমূলক। তিনি নিজের জন্য নিরপেক্ষ বিচার ও পূর্ণ আইনি সুরক্ষা দাবি করেছেন। তবে জনগণের সেবা ও রাজনৈতিক লড়াই জারি রাখতে যদি কারাবরণও করতে হয়, তার জন্য তিনি প্রস্তুত বলে জানান। ভারত কিংবা বাংলাদেশ সরকারের সঙ্গে তাঁর ফেরার বিষয়ে কোনও আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে কি না, সেই বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানাননি মুজিবকন্যা।