পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্য সরকারের নির্দেশিকা মেনে দুর্গাপুজোর মুখে ২০ শতাংশ হারে বোনাস পেলেন ডুয়ার্সের ওয়াশাবাড়ি চা-বাগানের শ্রমিকরা। মালবাজার মহকুমার এই বাগানের প্রায় ১,৮০০ জন শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ঢুকেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গ সফরের মাঝেই এককালীন এই বোনাস পাওয়ায় চা-বলয়ে এখন উৎসবের মেজাজ।
অন্যান্য বারের চিরাচরিত প্রথা ভেঙে এবার অনলাইনেই বোনাসের টাকা মিটিয়ে দেওয়া হয়েছে।
দীর্ঘকাল ধরে চা-বাগানের শ্রমিকরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে এসেছেন। এমনকি গত কয়েক বছরে পুজোর মুখে বাগান বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। ক্ষমতায় আসার আগেই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের উন্নয়ন-সহ চা-বাগানগুলির হাল ফেরানোর আশ্বাস দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর তিন জেলা সফরের মাঝেই এই বোনাস প্রদান সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।