পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের শিল্প ক্ষেত্রে গতি আনতে এবং দীর্ঘদিনের খরা কাটাতে মুম্বই গিয়ে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার রাতে বাণিজ্যনগরীতে আম্বানিদের বাসভবন ‘অ্যান্টিলিয়া’য় পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে সাদরে অভ্যর্থনা জানান স্বয়ং রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি এবং তাঁর পুত্র অনন্ত আম্বানি। এই সাক্ষাতের সময় আম্বানি পরিবারের হাতে মা কালীর একটি বিশেষ মূর্তি উপহার হিসেবে তুলে দেন তিনি এবং তাঁদের সঙ্গে গণেশ পুজোতেও অংশ নেন।
বৈঠকে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা, অর্থনৈতিক অগ্রগতি এবং নতুন কর্মসংস্থান তৈরি নিয়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
শিল্প বিনিয়োগের পাশাপাশি এই বৈঠকের অন্যতম বড় চমক হিসেবে উঠে এসেছে বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়টি। গুজরাটের পর পশ্চিমবঙ্গেও বন্যপ্রাণীদের চিকিৎসা ও সুরক্ষার লক্ষ্যে রিলায়েন্সের বহুমুখী প্রকল্প ‘বনতারা’র একটি নতুন শাখা খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন আম্বানিরা। মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে এই বৈঠকের বিবরণ তুলে ধরে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন, এই আলোচনা আগামী দিনে রাজ্যে শিল্প ও কাজের নতুন দিশা খুলে দিতে কার্যকর ভূমিকা নেবে।