পুবের কলম ওয়েব ডেস্ক: বিধানসভা উপনির্বাচনের আবহের মধ্যেই পুজো চলাকালীন রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে আরও একটি নির্বাচন। পদত্যাগী তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া শূন্য রাজ্যসভা আসনে আগামী ১৬ অক্টোবর উপনির্বাচনের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। ওই দিন দুর্গাপুজোর মহাষষ্ঠী। ওই দিনই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং বিকেল ৫টা থেকে গণনা শুরু হয়ে ফলাফল ঘোষণা করা হবে।

মঙ্গলবার এই সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৭ অক্টোবর স্ক্রুটিনি এবং ৮ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ১৯ অক্টোবরের মধ্যে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার ও মেনকা গুরুস্বামী। তবে বিধানসভা ভোটে দলের পরাজয়ের পর জুলাই মাসে দায়িত্ব গ্রহণের তিন মাসের মাথায় সাংসদ পদে ইস্তফা দেন কোয়েল মল্লিক। পদত্যাগের পর বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে পদ্মশিবিরে যোগদানের জল্পনা তৈরি হয়েছিল।

রাজ্য বিধানসভার বর্তমান রাজনৈতিক ও আসন বিন্যাসের হিসেবে এই শূন্য আসনটি বিজেপির দখলেই যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপি প্রার্থী হয়ে কোয়েল মল্লিক নিজেই পুনরায় ওই আসন থেকে সংসদের উচ্চকক্ষে যেতে পারেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।