পুবের কলম, ওয়েবডেস্ক: ওড়িশায় ভোটার তালিকার 'বিশেষ নিবিড় সংশোধন' বা এসআইআর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এর চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। যাচাই-বাছাই ও মাঠপর্যায়ের পর্যালোচনার পর তালিকা থেকে মোট ২০ লাখ ৫৬ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা এস গোপালান। সোমবার এক সংবাদসংস্থাকে তিনি জানান, সংশোধন প্রক্রিয়া শেষে ওড়িশায় এখন চূড়ান্ত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৬ লাখ ৩২ হাজার ৭৫৪ জন।

গত ৩০ মে ২০২৬ থেকে রাজ্যজুড়ে এই বিশেষ সংশোধন কার্যক্রম শুরু হয়।

কার্যক্রমের প্রারম্ভিক তালিকায় ৩ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ভোটার নিবন্ধিত ছিলেন। পর্যালোচনার প্রথম পর্যায়েই ২০ লাখ ১২ হাজার অযোগ্য নাম অপসারণ করা হয়।

কমিশন জানায়, মৃত ভোটার ৮ লাখ ৩২ হাজার জন। স্থায়ীভাবে ঠিকানা পরিবর্তন ৮ লাখ ৮ হাজার জন। অনুপস্থিত ভোটার ২ লাখ জন।

ডুপ্লিকেট বা দ্বৈত এন্ট্রি ১ লাখ ৫৮ হাজার জন। পরবর্তীকালে ৫ জুলাই ২০২৬-এ খসড়া তালিকা প্রকাশ করা হয়, যেখানে ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি ১৩ লাখ ৮৭ হাজার ৩৪ জন। খসড়া প্রকাশের পর তথ্য অমিল থাকা এবং ২০০২ সালের তালিকার সঙ্গে তথ্য না মেলা প্রায় ৫৮.৩৬ লাখ ভোটারকে নোটিশ দেওয়া হয়। শুনানির পর আরও ২৪,০০০ অযোগ্য ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। এছাড়া আপত্তি সংক্রান্ত 'ফর্ম ৭' পর্যালোচনার পর চূড়ান্তভাবে আরও ২০,০০০ নাম কাটা যায়।
এভাবে খসড়া তালিকা প্রকাশের পর মোট ৪৪,৭৭৭ জন বাদ পড়েন।
 
নাম কাটার পাশাপাশি উপযুক্ত নতুন আবেদনকারীদের যুক্ত করার কাজও সমান্তরালভাবে চলেছে। এই সময়ে প্রায় ২ লাখ ৭৪ হাজার 'ফর্ম ৬' (নতুন নাম অন্তর্ভুক্তির আবেদন) এবং ১৬ হাজার 'ফর্ম ৮' (তথ্য সংশোধনের আবেদন) গৃহীত হয়। এর ফলে চূড়ান্ত তালিকায় নতুন করে ২ লাখ ৯০ হাজার ভোটার যুক্ত হন, যা চূড়ান্ত সংখ্যাটিকে খসড়া তালিকার চেয়ে বাড়িয়ে দিয়েছে। প্রধান নির্বাচনী কর্মকর্তা এস গোপালান স্পষ্ট করেন, এত বড় পরিমার্জন হওয়া সত্ত্বেও মোট ভোটার তালিকার মাত্র ৬ শতাংশ সংশোধন বা অপসারণ করা হয়েছে। শুরুতে মূল তালিকাটি যথেষ্ট নির্ভুল ছিল বলেই এই হার অত্যন্ত কম।