পুবের কলম ওয়েব ডেস্ক: মালদহের মোথাবাড়িতে বিচারকদের হেনস্থা ও গাড়ি ভাঙচুরের মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। আগামী ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার তাঁকে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে এই স্পর্শকাতর মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এই সংস্থা।
চলতি বছরের এপ্রিল মাসে মালদহের কালিয়াচক-২ ব্লক অফিসে এসআইআর প্রক্রিয়া চলাকালীন ব্যাপক উত্তেজনা ছড়ায়।

নথিপত্র থাকা সত্ত্বেও নাম বাদ পড়ার অভিযোগে বিডিও অফিসে এসআইআর-এর দায়িত্বে থাকা জুডিশিয়াল অফিসারদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয় এবং ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরে মহিলা বিচারক-সহ অন্যান্য আধিকারিকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতে হামলার ঘটনাও ঘটে। এই ঘটনায় বিধায়কের স্বামী মেহবুব আলমের নাম জড়ায় এবং অগস্ট মাসে এনআইএ কার্যালয়ে গিয়ে হাজিরা দিয়েছিলেন তিনি। এবার সেই একই মামলায় খোদ বিধায়ককেই তলব করা হল।

মোথাবাড়ি কাণ্ডে মোট ১২টি মামলা দায়ের করা হয়েছিল। তদন্ত নেমে ইতিমধ্যেই দু’টি মামলায় মোট ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনআইএ। প্রথম মামলায় ৫৪ পাতার চার্জশিটে ২২ জন এবং দ্বিতীয় মামলায় ১১ পাতার চার্জশিটে এক জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আওতায় খুনের চেষ্টা, সরকারি কর্মীকে হেনস্থা ও কাজে বাধা দান এবং বেআইনিভাবে আটকে রাখার মতো একাধিক জামিন-অযোগ্য ধারায় অভিযোগ আনা হয়েছে। সেই তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবেই এ বার সাবিনা ইয়াসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনআইএ।