উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: কলেজের পরিচালন সমিতির বৈঠকে যোগ দিতে এসে বিজেপি নেতা তথা পরিচালন সমিতির সভাপতি সায়ন্তন বসুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় ভাঙড় কলেজ চত্বরে। মঙ্গলবার তাঁকে ঘিরে কলেজের গেটের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন এসএফআই ও আইএসএফ সমর্থক পড়ুয়াদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন কলেজ পড়ুয়া আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, মঙ্গলবার কলেজের পরিচালন সমিতির একটি নির্ধারিত বৈঠকে যোগ দেওয়ার জন্য সায়ন্তন বসু কলেজে উপস্থিত হন।
তিনি কলেজের গেটের কাছে পৌঁছামাত্রই বাইরের দিক থেকে এসএফআই ও আইএসএফ সমর্থক পড়ুয়াদের একাংশ বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের পক্ষ থেকে এই সময় বিভিন্ন ধরনের স্লোগানও দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের গেট বন্ধ করে দেওয়া হয়, যার ফলে সায়ন্তন বসুকে বেশ কিছুক্ষণ নিজের গাড়ির মধ্যেই অপেক্ষা করতে হয়। ভাঙড় কলেজ চত্বরে যাতে কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশি নজরদারি অনেকটাই বাড়ানো হয়। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।আরও পড়ুন:
বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, কলেজের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক বিষয় নিয়ে তাঁদের একাধিক আপত্তি রয়েছে। সেই কারণেই তাঁরা এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন। তাঁদের আরও অভিযোগ, বিক্ষোভ চলাকালীন পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন। অন্যদিকে, কলেজের পরিচালন সমিতির বৈঠকে যোগ দেওয়ার জন্যই সায়ন্তন বসু ভাঙড় কলেজ এসেছিলেন বলে খবর। তাঁর কলেজে আসাকে কেন্দ্র করেই মূলত বিক্ষোভের সূত্রপাত হয়। যদিও কিছুক্ষণের জন্য উত্তেজনা থাকলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে পরিচালন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক সংগঠনের সমর্থক পড়ুয়াদের বিক্ষোভ এবং পুলিশের হস্তক্ষেপ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।