পুবের কলম ওয়েব ডেস্ক: নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ সভার অধিবেশনের মাঝেই ভারতের মুকুটে জুড়ল বড়সড় কূটনৈতিক সাফল্য। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দীর্ঘদিনের দাবিকে এ বার জোরালো সমর্থন জানাল ইউরোপের চার দেশ— পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র। বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে এক বিশেষ বৈঠকের পর এই চার দেশের প্রতিনিধিরা ভারতের পক্ষে তাঁদের অবস্থান স্পষ্ট করেছেন। বৈঠক শেষে স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার জানান, গ্লোবাল সাউথের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উদীয়মান শক্তি হিসেবে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হওয়া উচিত বলে তাঁরা মনে করেন।


অন্য দিকে, রাষ্ট্রসংঘের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিশ্বজুড়ে চলা পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন বিদেশমন্ত্রী জয়শংকর। তিনি জানান, বিশ্বে ক্ষমতার ভারসাম্যে ক্রমশ পরিবর্তন আসছে, তবে ক্রমবর্ধমান সংঘাত ও ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি বারবার প্রশ্নের মুখে পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সব দেশকে একজোট হয়ে বহুপাক্ষিকতার উপর জোর দেওয়ার কথা বলেন তিনি। বিদেশমন্ত্রী স্পষ্ট করে দেন যে, বিশ্ব শান্তি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন রোধ, সন্ত্রাসবাদ দমন এবং ভবিষ্যতের মহামারী মোকাবিলার মতো জরুরি বিষয়গুলিতে সমস্ত দেশকে একযোগে কাজ করতে হবে। অতীতের সম্মিলিত সাফল্যের কথা স্মরণ করিয়ে আগামী দিনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আরও উন্নত আন্তর্জাতিক পরিকাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি।